পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের জীবননির্ভর বায়োপিক নিয়ে হলিউডে এখন কৌতূহলের শেষ নেই। বিশ্বখ্যাত ইউনিভার্সাল পিকচার্স যখন ব্রিটনির বহুল আলোচিত স্মৃতিকথা ‘দ্য ওম্যান ইন মি’ এর স্বত্ব কিনে নেয়, তখন থেকেই পপ কুইনের চরিত্রে রূপালি পর্দায় কে পা মেলাচ্ছেন-তা নিয়ে তুঙ্গে উত্তেজনা।
কাস্টিংয়ের দৌড়ে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি। তাঁর পরিচিতি ও অভিনয়ের বৈচিত্র্যের কারণে নির্মাতারা তাঁকে প্রাথমিক পছন্দে রাখলেও ভক্তদের একাংশ সন্দিহান। স্টেজে ব্রিটনির মতো শরীরী ভাষা ও নাচের দক্ষতা সিডনির আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
অন্যদিকে ‘স্ট্রেনঞ্জার থিংস’ খ্যাত তারকা মিলি ববি ব্রাউন প্রকাশ্যে এই চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে স্পিয়ার্সের নিজস্ব প্রতিক্রিয়ার পর ব্রাউন খানিকটা পিছু হটলেও চূড়ান্ত তালিকায় এখনো শক্ত অবস্থানে রয়েছেন তিনি।
লুইজিয়ানার বাসিন্দা হওয়া এবং নাচ-গানে অভিজ্ঞতা থাকায় দৌড়ে সুবিধাজনক স্থানে আছেন টিকটক থেকে সংগীতে আসা অ্যাডিসন রে। এছাড়া তালিকায় অভিনেত্রী বেইলি ম্যাডিসন এবং টিকটকে ব্রিটনির নাচ অনুকরণ করে পরিচিতি পাওয়া ইথাকা কলেজের শিক্ষার্থী কাইলি শুল্টজের নামও শোনা যাচ্ছে।
ছবিটির জন্য ক্যামেরার পেছনের অভিজ্ঞ দল ইতোমধ্যেই তৈরি। সিনেমাটি পরিচালনা করবেন জন এম চু এবং প্রযোজনায় থাকছেন মার্ক প্ল্যাট। ছবিটির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন লিজ মেরিওয়েদার।
নির্মাতারা জানিয়েছেন, সংবাদমাধ্যম ও গ্ল্যামার জগতের তীব্র চাপের মুখেও স্পিয়ার্সের জীবনসংগ্রামের মানবিক গল্পটি তুলে ধরাই এই প্রজেক্টের প্রধান লক্ষ্য। বায়োপিকটি তৈরিতে ব্রিটনি স্পিয়ার্সের নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা ও তদারকি থাকবে। ফলে কাস্টিং নির্ধারণে পপ তারকার নিজস্ব অনুমোদনই চূড়ান্ত শর্ত হিসেবে কাজ করবে।
দেশবার্তা/একে