কিংবদন্তি সংগীতশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চুর স্মৃতি স্মরণে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যান্ড ‘এবি কিং’। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রথম মঞ্চ পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ব্যান্ডটি প্রবাসীদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা (১৫০ লাখ) অনুদান সংগ্রহ করেছে।
‘রক আইকন’ আইয়ুব বাচ্চুর নামের ইংরেজি আদ্যাক্ষর ‘এবি’ অনুসরণে গঠিত এই ব্যান্ডের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এস আই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের সাবেক ড্রামার নাফিজ আল আমিন এবং বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী।
এছাড়া অসুস্থতার কারণে এই মুহূর্তে যুক্ত হতে না পারলেও শিগগিরই কি-বোর্ডিস্ট হিসেবে সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইবরার টিপুর এতে যোগ দেওয়ার কথা রয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটোরিয়ামে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী এস আই টুটুলের তত্ত্বাবধানে ‘এবি কিং’ এর প্রথম মঞ্চ পরিবেশনা অনুষ্ঠিত হয়। অলাভজনক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই দাতব্য অনুষ্ঠানে সংস্থাটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর এস আই টুটুল ও তাঁর ব্যান্ড দল প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেন। সংগৃহীত এই অর্থ বাংলাদেশে সংস্থাটির বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হবে বলে ব্যান্ড সদস্যরা জানিয়েছেন।
ব্যান্ড গঠনের উদ্দেশ্য ও আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধার বিষয়ে এস আই টুটুল বলেন, ‘শিল্পীজীবনের কয়েক দশকের পথ পাড়ি দিয়ে মনে হয়েছে, এমন একটি প্ল্যাটফর্ম গড়া উচিত, যার অংশীদার সবাই হতে পারে-যাতে আমি না থাকলেও “এবি কিং” এগিয়ে চলে। তবে একটি বিষয় স্পষ্ট করা দরকার, এবি কিং কোনোভাবেই এলআরবির বিকল্প বা রিপ্লেসমেন্ট নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমার গুরুজি আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে। একই সঙ্গে দেশীয় বিভিন্ন কিংবদন্তির গানের পাশাপাশি আমাদের নিজেদের মৌলিক গান পরিবেশন করা হবে।’
তিনি আরও জানান, চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক শহরে কনসার্ট করবে ‘এবি কিং’। ব্যান্ডের ডিজিটাল পরামর্শক হিসেবে কাজ করছে কোলাহল কমিউনিকেশন।
উল্লেখ্য, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিকেল প্রকৌশল খাতে কাজ করছে। বিশেষ করে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও সংশ্লিষ্ট গবেষণায় ভূমিকা রাখছে সংস্থাটি।
দেশবার্তা/একে