পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা এলাকার কাছে ‘আমান মেলা’ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ এর বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় অবস্থিত ওই চেকপোস্ট। বিস্ফোরণে নিহত ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ১টি শিশু রয়েছে। ঘটনার পরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে ২৫ জনের বেশি উদ্ধারকর্মী, ৬টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি অংশ নেয়।
আহত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলার কিছু সময় পর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ ঘটনাকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ বা নিষিদ্ধ টিটিপির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান তিনি।
দেশবার্তা/একে