সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজনই খুলনা জেলার। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২০০ জনের বেশি ভর্তি হয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। অঞ্চলভিত্তিক তথ্যে দেখা যায়-ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ২৮০ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, খুলনা বিভাগে ২৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলত বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্তের পাশাপাশি ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৩ সালে দেশে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
দেশবার্তা/একে