কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি ও আপত্তিকর অননুমোদিত কনটেন্টের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় ধরনের সুরক্ষামূলক নির্দেশনা পেয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামান্থার নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহারের মাধ্যমে তৈরি সব আপত্তিকর ডিজিটাল কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ভারতের বম্বে হাইকোর্ট।
গত ১ অক্টোবর বিচারপতি মাধব জামদারের একক বেঞ্চ মামলাটির প্রাথমিক শুনানি শেষে এই অন্তর্বর্তী আদেশ জারি করেন।
আদালতে পেশ করা ছবি, বিকৃত ভিডিও এবং এআই-নির্মিত ডিপফেক কনটেন্ট পর্যবেক্ষণ করে আদালত প্রাথমিকভাবে জানান, এসব অননুমোদিত কনটেন্ট সামান্থার ব্যক্তিত্ব (পার্সোনালিটি), পরিচিতি (পাবলিসিটি) ও মৌলিক নৈতিক অধিকারের ওপর সরাসরি আঘাত হানছে।
সামান্থার মামলার নথিতে অভিযোগ করা হয়, সম্মতি ছাড়াই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স ওয়েবসাইট ও এআই প্ল্যাটফর্মে তাঁর নাম, চেহারার আদল ও কণ্ঠস্বর ব্যবহার করে কনটেন্ট তৈরি করা হচ্ছে। এমনকি বাণিজ্যিক ও প্রচারণামূলক স্বার্থেও বেআইনিভাবে তাঁর এই ডিজিটাল তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে।
আদালতে অভিনেত্রীর আইনি প্রতিনিধিরা যুক্তি উপস্থাপন করে বলেন, ব্যক্তিগত ও পেশাগত পরিচয়ের অননুমোদিত ব্যবহার অভিনেত্রীর অর্জিত সম্মান ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
আদালতের এই অন্তর্বর্তীকালীন নির্দেশনার ফলে এখন থেকে ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সামান্থার অনুমতি ছাড়া ব্যবহৃত ছবি বা কনটেন্ট অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
দেশবার্তা/একে