বিনোদন অঙ্গনের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করা রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের কর্মজীবন শেষে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে শুরু করেছেন শিক্ষকতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নতুন এই কর্মজীবনের খবর জানান মিথিলা। তিনি জানান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’ এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন।
নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন মিথিলা। প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে এই উদ্যোগ। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
মিথিলা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক উন্নয়ন খাতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণার সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনের সমন্বয় ঘটাতে পারবেন। পাশাপাশি তথ্য-উপাত্ত ও গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন তিনি। নিউইয়র্কের ‘সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক’ এ ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়ে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের অলাভজনক সংস্থার বাস্তবমুখী কার্যক্রম ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করার সুযোগ পাচ্ছেন তিনি।
নতুন এই যাত্রায় দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন মিথিলা। সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, ব্র্যাকে দুই দশকের পথচলার মধ্যে ১৫ বছর কেটেছে ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’ এ। এই অভিজ্ঞতা তাঁর বর্তমান পেশাগত যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো ও গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি নিজের বৈশ্বিক অভিজ্ঞতা বিস্তৃত করার লক্ষ্য নিয়ে সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন তিনি। আপাতত অভিনয়ের আলো থেকে কিছুটা দূরে থেকে জ্ঞানচর্চা, গবেষণা ও সমাজ উন্নয়নের কাজেই মনোযোগী হতে চান মিথিলা।
দেশবার্তা/একে