কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ আভিযানিক দল গত রোববার রাত সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয়।
পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। রাত আড়াইটার দিকে তাদের বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে।
এ সময় অভিযান চালিয়ে তিনটি বড় প্যাকেটসহ মো. ইদ্রিসকে আটক করা হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সীমান্তে মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও প্রযুক্তিনির্ভর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
দেশবার্তা/জেএ