বিএনপি-জামায়াতকে দল ও অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি

2026-10-05T17:37:57+06:00
2026-10-05T17:41:31+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
বিএনপি-জামায়াতকে দল ও অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৫:৪১ পিএম
⏲
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার সহিংস লড়াই বন্ধে নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করতে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলার শিকার গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের এবং তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ অনুসন্ধানসহ পুলিশের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার খর্ব করে এবং ক্ষমতাবানদের জবাবদিহির সুযোগ সংকুচিত করে; এর প্রতিকার রাষ্ট্রকেই করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহায়ত্ব ও পুলিশের পলায়নপর ব্যর্থতা প্রমাণ করে যে এ ধরনের ক্ষমতার লড়াইকেন্দ্রিক সমস্যার সমাধান শুধু প্রত্যক্ষ দোষীদের জবাবদিহির ওপর নির্ভর করে না। বরং রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাবান দলগুলোর আমূল সংস্কার ও আত্মশুদ্ধি ছাড়া মুক্ত গণমাধ্যম, বাক ও ভিন্নমতের স্বাধীনতাসহ নাগরিকদের মৌলিক অধিকার অর্জন ক্রমাগত হুমকির সম্মুখীন হবে।

রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে ড. জামান বলেন, কর্তৃত্বের সহিংস লড়াই বন্ধ এবং নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের মূল রাজনৈতিক দায় কি ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে? শুধু তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থার লোকদেখানো পদক্ষেপ না নিয়ে সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি না আনলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। নেতৃত্বকে বুঝতে হবে, নেতাকর্মীদের এমন আচরণের কারণে তারা ক্রমাগত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব ক্ষয়ের বিষয়ে আলোকপাত করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। শিক্ষকদের পদত্যাগের দাবি, ক্যাম্পাসে প্রভাব বিস্তার, দখলবাজি ও পেশিশক্তির প্রদর্শন প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে সামনে এনেছে। নিয়মতান্ত্রিক দাবি জানানোর অধিকার থাকলেও দলীয় প্রভাব বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়া উচিত আইন ও বিধি অনুযায়ী, দলীয় শক্তির দাপটে নয়।

ঘটনার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণ উদঘাটন এবং দায় নির্ধারণের দাবি জানায় টিআইবি। রাজনৈতিক পরিচয় যেন অপরাধের সুরক্ষাকবচ না হয় এবং প্রশাসন ও পুলিশ যেন দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছে সংস্থাটি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]