‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে জাতি গঠনে অসামান্য ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষকের হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সাংবাদিকদের ও আমন্ত্রিতদের উপস্থিতিতে এসব শিক্ষকদের সম্মানিত করেন। পুরস্কৃত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, সনদপত্র ও স্মারক সম্মাননা (ক্রেস্ট) দেওয়া হয়।
এ বছর বিশ্ব শিক্ষক দিবসের নির্ধারিত প্রতিপাদ্য ছিল—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’।
পুরস্কারপ্রাপ্ত ১০১ জন শিক্ষকের মধ্যে প্রাথমিক পর্যায় থেকে ১০ জন, মাধ্যমিক পর্যায় থেকে ২০ জন, কলেজ থেকে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন এবং প্রধানমন্ত্রীর মনোনীত বিশেষ কোটায় ৬ জন শিক্ষকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
বিভাগীয় বিন্যাস অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ স্কুলের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন শিক্ষক। কলেজ পর্যায়ের ২৫ জনের মধ্যে সাধারণ উচ্চশিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন শিক্ষক।
এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন; চিকিৎসা শিক্ষায় ৫ জন মেডিকেল কলেজের এবং ৫ জন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মানিত হয়েছেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দেশবার্তা/একে