‘আমার মা আমার প্রথম শিক্ষক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে ১৫০ মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ইউপিইটিসির ইন্সট্রাক্টর রনু আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম মোল্যা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চণ্ডীচরণ পাল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলী আসফিয়া বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে। মা একজন শিশুর প্রথম শিক্ষক। তাই মায়ের প্রতি শ্রদ্ধাবোধ তৈরির পাশাপাশি শিক্ষকদের সম্মান করার শিক্ষাও দেওয়া হচ্ছে।
প্রধান অতিথি ইউএনও মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, ‘আমার মা আমার প্রথম শিক্ষক’—এমন বার্তা শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মায়েদের সম্মান জানানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। পিরোজপুরের অন্যান্য বিদ্যালয়েও এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ জোরদারে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংবর্ধিত ১৫০ মায়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় অনেক মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিনিধি/আরএইচ