জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিন যুবককে ভুটিয়াপাড়া ১৪ বিজিবি ক্যাম্পের অধীন পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৬ নম্বর মেইন পিলার নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে সীমান্ত পিলার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার এলাকায় তাদের পাওয়া যায়।
স্থানীয়রা জানান, ভোর রাতে তিন যুবককে কড়িয়া বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৬ নম্বর পিলার এলাকায় নিয়ে যান। বর্তমানে ২৭৬ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় তিন যুবককে বিএসএফ সদস্যরা পাহারা দিচ্ছেন। পিলার থেকে কিছুটা দূরে অবস্থান করছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুশ-ইন তিনজনকে নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে দ্বিতীয় দফা বৈঠকের অপেক্ষায় রয়েছে বিজিবি।
তবে উদ্ধার হওয়া তিন ব্যক্তির পরিচয় এবং কীভাবে তারা ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন হয়েছে- এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের মিনাজুল ইসলাম ও মাহাবুব হোসেন বলেন, ভোররাতে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত পিলার ২৭৬ এলাকা দিয়ে তিন ব্যক্তিকে পুশ-ইন করে ভারতীয় বিএসএফ সদস্যরা। পরে আমরা স্থানীয় লোকজন দেখতে পেয়ে বিষয়টি বিজিবি সদস্যদের জানালে তারা এসে ওই তিনজনকে আটক করে আবার সীমান্ত এলাকায় নিয়ে যায়। এখন পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় তারা অবস্থান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পত্নীতলা-১৪ বিজিবির এক কর্মকর্তা জানান, পুশ-ইনের ঘটনায় ভারত এবং বাংলাদেশের দুই দেশের সীমান্তরক্ষাকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে। আশা করি, দ্রুত সময়ে পুশ-ইনের বিষয়টি সমাধান হয়ে যাবে।
দেশবার্তা/এমআর