বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া। শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০১ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। এর আগে প্রতিবছর ১২ জন শিক্ষককে এ ধরনের সম্মাননা দেওয়া হতো।
অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়ার রাষ্ট্রীয় এ সম্মাননায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ সম্মাননা তাঁর দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌরবের। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আরও অনুপ্রাণিত করবে।
রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীদের সফলতা এবং তাঁদের মাধ্যমে দেশ ও সমাজে অবদান রাখার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এ সম্মাননা তাঁর শিক্ষকতা ও গবেষণাজীবনের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। এ সম্মাননা তিনি সহকর্মী, শিক্ষার্থী ও দীর্ঘ পথচলার সহযাত্রীদের সঙ্গে ভাগ করে নিতে চান। ভবিষ্যতেও কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্প্রতি ফসল উদ্ভিদবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া। এর আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।
ফসল উদ্ভিদবিজ্ঞানে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি গ্রন্থ রচনাতেও তাঁর অবদান রয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ক্রপ বোটানিস্ট হিসেবে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া দীর্ঘদিন ধরে কৃষি শিক্ষা ও গবেষণায় যুক্ত রয়েছেন। বিশ্ব শিক্ষক দিবসে পাওয়া এ রাষ্ট্রীয় সম্মাননাকে তাঁর দীর্ঘ একাডেমিক ও গবেষণা জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
দেশবার্তা/জেএ