দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে।
চলতি অক্টোবর মাসের শুরু থেকেই ডেঙ্গুতে মৃত্যুর গতি উর্ধ্বমুখী। মাসের প্রথম সাত দিনেই দেশের বিভিন্ন স্থানে ৪৪ জন ডেঙ্গু রোগীর প্রাণহানি ঘটেছে। এর আগের দিন মঙ্গলবারও ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সারাদেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে।
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে মোট ছয়জন মারা গেছেন। এছাড়া বরিশাল ও সিলেট বিভাগে মারা গেছেন একজন করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ১৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮ জন। তার আগের মাস আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে ডেঙ্গু রোগীর প্রাণহানি ঘটে।
দেশবার্তা/একে