গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০২ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১২৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৯৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। মোট ১ হাজার ৩৫৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৮ জনের।
দেশবার্তা/একে