দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের এই স্বাস্থ্যসংস্থা পরিসংখ্যানটি প্রকাশ করে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২.৭ বছর। অন্যদিকে ভারতের নাগরিকদের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রে তা ছিল৬৮.২ বছর। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু ৭৮.৫ বছর এবং কানাডায় ৮১.৪ বছর।
তবে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, বেশি বছর বাঁচলেও পুরো সময় মানুষ সুস্থ থাকছে এমন নয়। রোগমুক্ত বা সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে থাকার হার বা সূচক এখনো মোট গড় আয়ুর চেয়ে বেশ কম।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, করোনা মহামারির ধাক্কা সামলে বৈশ্বিক গড় আয়ু প্রায় আগের জায়গায় ফিরেছে। ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩.৪ বছর। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২১ সালে তা কমে ৭১.৫ বছরে নেমে যায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু পুনরায় ৭৩.৩ বছরে পৌঁছেছে।
পরিসংখ্যান নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে সামনের দিনে মূল চ্যালেঞ্জ হলো মানুষ যেন শুধু দীর্ঘায়ু না পায়, বরং রোগমুক্ত ও সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।