গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৯১০ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা বিভাগেই ৪ জন রয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঢাকা বিভাগে ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৭৩, সিলেটে ১৫২, বরিশালে ১৩৯, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৮২, রংপুরে ৪৭ এবং রাজশাহী বিভাগে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা মোট ২ লাখ ২৯৩ জনে পৌঁছেছে। পরীক্ষাগারে নমুনা নিশ্চিতের পর এর মধ্যে ২২ হাজার ২০ জন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে চিহ্নিত হয়েছেন।
দেশবার্তা/একে