ফরিদপুর সদরে বাবার মৃত্যুর পাঁচদিন পর ধর্ষণের শিকার হয়েছে চার বছরের এক শিশু। অসুস্থ ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রাজ্জাক বিশ্বাসের বাড়ি পার্শ্ববর্তী রাজবাড়ীর খানখানাপুর এলাকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদিন আগে শিশুটির বাবা মারা যান। গতকাল শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কলাগাছের আড়াল থেকে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
এসময় রাজ্জাককে ঘটনাস্থলের পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয়রা রাজ্জাক বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
দেশবার্তা/এসআইএস/একে