মাগুরায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় মো. রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে টাকা গণনার একটি মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস বুম মাইক্রোফোন ও খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটারও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর কক্ষে থাকতেন।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর উদ্ধার করা আলামতসহ তাঁকে মাগুরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ