আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে বিদায়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তা দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ। আর এরই মধ্যে আকাশি-সাদা জার্সিটাকে মিস করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তটাই নিচ্ছি। এটা ছিল অসাধারণ এক যাত্রা— যেখানে অনেক আনন্দ ছিল, আবার কিছু দুঃখও ছিল। তবে আমি জানি, প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’
জাতীয় দলের হয়ে এই দীর্ঘ যাত্রায় পরিবারের অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেছেন মেসি। কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বার্তায় প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন মেসি। তিনি বলেন, ‘আমি দিয়েগোকে ভুলতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে থাকার সময় যেমন সাহায্য করেছেন, তেমনি স্বর্গ থেকেও প্রতিটি পদক্ষেপে আমাদের সাহায্য করে গেছেন।’
মেসির এই পোস্টের নিচেই মন্তব্য করেন রোনালদো। পর্তুগিজ তারকা লেখেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছো এবং এমন একটি গল্প রেখে যাচ্ছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার জন্য তোমার প্রতি আমার পূর্ণ সম্মান। একটি আলিঙ্গন।’
বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে তার নামের পাশে এখন ১২৬ গোল ও ৭০টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপের মতো বড় শিরোপা।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ইন্টার মায়ামির হয়ে খেলে যাচ্ছেন মেসি।
দেশবার্তা/এমআর