টাঙ্গাইলের বাসাইলে ৪ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে বাসাইল উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে লাল-নীল ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন 'উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প-২' এর আওতায় ৪ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৭৮৬ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন ও হলরুমের নির্মাণকাজ সম্পন্ন করেছে টাঙ্গাইলের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ মজিবর রহমান ও অবনী এন্টারপ্রাইজ (জেবি)।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেন, আজকে বাসাইল উপজেলার জন্য একটি অত্যন্ত আনন্দের ও গৌরবের দিন। বহু বছর ধরে একটি পুরোনো ভবনে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হলেও, অবশেষে আজ আমরা উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করতে পেরেছি।
তিনি আরও বলেন, এই নতুন প্রশাসনিক ভবনে সরকার কর্তৃক আমাকে একটি পর্যবেক্ষণ কক্ষ প্রদান করা হয়েছে। যখনই আমি নির্বাচনী এলাকায় কাজ বা পরিদর্শনে আসব, এখানে বসেই আপনাদের খেদমতে কাজ করতে পারব। কাজেই এই উপজেলা কমপ্লেক্স, আমার এই পর্যবেক্ষণ রুম—এই বাসাইলের উন্নয়নের কেন্দ্রবিন্দু হোক, এটা প্রত্যাশা করি। বাসাইলের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই।"
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ. কে. এম মামুনুর রশীদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল।
আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/জেএ