চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ১২৯ কোটি ডলার বা ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) রেমিট্যান্স পাঠিয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১২ দিনে আসা ১২৯ কোটি ডলার গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ কোটি ডলার বা ৯ দশমিক ২ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। পরিসংখ্যান বলছে, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।
সব মিলিয়ে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৭৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।
দেশবার্তা/একে