দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ পেরিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ জনে। সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর বিস্তার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৬২ জন। এর আগে সেপ্টেম্বর মাসে এ বছরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়।
বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ১৬৭ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।
অন্যদিকে, আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে-৮৭১ জন। এর বাইরে খুলনায় ২৯৮, চট্টগ্রামে ২৮৭, রাজশাহীতে ২৫৩, বরিশালে ২৪৩, ময়মনসিংহে ১০২ এবং রংপুর বিভাগে ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ঢাকা ও তার বাইরের বড় শহরগুলোতে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে এবং রোগীরা সময়মতো হাসপাতালে চিকিৎসা নিতে না এলে মৃত্যু ও সংক্রমণের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দেশবার্তা/একে