সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত কিশোরীর পরিচয় পাওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে। তার বিষয়ে এর বেশি কিছু জানা যায়নি।
জানা গেছে, শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা ব্রিজের পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার-পাঁচজন যাত্রী আহত হন। জৈন্তাপুর থানা-পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আলিফসহ কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর ফেরিঘাটসংলগ্ন এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ তিনজন আহত হন। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাঁদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল হক জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রতিনিধি/আরএইচ