সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম মহানগরের যেসব পূজামণ্ডপে পানির সংকট বা স্বল্পতা রয়েছে, সেসব মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম জানিয়েছেন, যেসব মণ্ডপে পানির প্রয়োজন রয়েছে, সেখানকার কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা বা ওয়াসার হেল্পলাইনে যোগাযোগ করলে দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে চাহিদার পরিপ্রেক্ষিতে নগরের কয়েকটি মণ্ডপে পানি সরবরাহ করা হয়েছে। যেসব মণ্ডপে ওয়াসার সরাসরি সংযোগ নেই, সেগুলোতে ভাউচারের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, বর্তমানে নগরে পানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নগরবাসীর পানির চাহিদা পূরণে সরবরাহব্যবস্থা আরও উন্নত করতে প্রকৌশলীরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। তবে নগরের কিছু এলাকায় পানির সংকটের অভিযোগ পাওয়া যাচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।
এদিকে, বকেয়া রাজস্ব আদায়ে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে গঠিত আটটি মনিটরিং টিম মাঠে কাজ করছে। চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, রাজস্ব তত্ত্বাবধায়ক ও মিটার পরিদর্শকদের সমন্বয়ে গঠিত এসব দল কর্মদিবসে গ্রাহকদের কাছে গিয়ে বকেয়া আদায় করছে। এ কার্যক্রমের ফলে ওয়াসার রাজস্ব আদায় রেকর্ড পরিমাণে পৌঁছেছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, “শারদীয় দুর্গোৎসব উদযাপনে বাংলাদেশের বর্তমান সরকার ব্যাপক প্রস্তুতি, সর্বোচ্চ আর্থিক বরাদ্দ ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটিকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে যেসব মণ্ডপে পানি সংকট বা স্বল্পতা রয়েছে অথবা মণ্ডপ কমিটি চাহিদার প্রেক্ষিতে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা বা ওয়াসার হেল্পলাইনে যোগাযোগ করলে দ্রুততম সময়ে পানি সরবরাহ করার নির্দেশনা প্রদান করেছি।”
তিনি শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও শান্তিপূর্ণ হোক—এ কামনা করে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
প্রতিনিধি/আরএইচ