ঘরের মাঠে শুরুটা হলো দাপুটে জয়ে। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির উদ্বোধনী ম্যাচেই নেপালকে ৩৩–২০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরার চেষ্টা করেছিল নেপাল। তবে বাংলাদেশের কৌশলী আক্রমণ ও দৃঢ়তার সামনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগেই ১৩–৯ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নিশ্চিত করে ১৩ গোলের বড় জয়।
বাংলাদেশের এই দাপুটে জয়ে বড় অবদান আলপনা আক্তারের। দুর্দান্ত পারফরম্যান্সে ৭টি গোল করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি। আক্রমণে সমান কার্যকর ছিলেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিং। দুজনই করেছেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশির অবদান ৫ গোল, সায়মা জান্নাত সীমা করেছেন ৪টি। এ ছাড়া মাসুদা আক্তার ২টি এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন ১টি করে গোল।
উদ্বোধনী ম্যাচে বড় জয় তুলে নেওয়ার পর এবার বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিকেরা।
দেশবার্তা/এমআর