সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক হয়েছেন ৩৩৩ জন।
রোববার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।
বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৮৮০ বোতল বিয়ার, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
একই সময়ে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ