জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে একাধিক সুপারিশ করেছে এ-সংক্রান্ত বিশেষ কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত মতামত প্রদান কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা সূত্রে জানা যায়, জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়। এতে সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার কার্যপরিধি, বাতাস চলাচলের পরিস্থিতি এবং সোলার প্যানেল বসানোর উপযোগী ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কারিগরি সক্ষমতা ও চাহিদা বিবেচনা করে সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত মাত্রা নির্ধারণ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত হয়।
বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কিছু যুগান্তকারী সুপারিশ করে কমিটি জানায়, সংসদ ভবন এলাকার সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনতে হবে। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে এবং কেউ অপচয় করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের তাগিদ দিয়েছে কমিটি। এ জন্য ওই সব স্থানে সাব-মিটার কিংবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবন এলাকার মসজিদের এসি ব্যবহারের ক্ষেত্রেও সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং সাধারণ সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করতে হবে।
দেশবার্তা/একে