বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ ঢাকার শাহীনবাগে অবস্থিত হোটেল এম্পিরিয়ানে অনুষ্ঠিত হয়েছে। ৫৮২টি সদস্য প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশে বিপিও ও আউটসোর্সিং শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে বাক্কো। বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন সংগঠনটির গণতান্ত্রিক চর্চা এবং অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনুমোদিত নির্বাচনী তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ভোটগ্রহণের সময়ের মধ্যে মোট ভোটারের ৫০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। নির্বাচন কার্যক্রম বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়। নির্বাচন পর্যবেক্ষণে মূখ্য পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম।
পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি মো. ওয়ালিয়ার রহমান মামুন, মো. ওয়াসীম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. এ হালিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) এর প্রতিনিধি জাকারিয়া আহমেদ চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন।
নির্বাচন শেষে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফয়সল আলিম, ব্যবস্থাপনা পরিচালক, উইন টেল লিমিটেড; সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ সোহায়েল রেজা, ব্যবস্থাপনা পরিচালক, এডিএন ডিজিনেট লিমিটেড; সহ-সভাপতি পদে আব্দুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক, উইজডম ভ্যালি লিমিটেড; সাধারণ সম্পাদক পদে নাহিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও, ব্রোটেকস টেকনোলজীস লিমিটেড; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিস সায়মা শওকত, অর্থ সম্পাদক পদে খন্দকার আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রিকম কনসালটিং লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম লিমিটেড।
পরিচালক পদে (জেনারেল মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ভাইজার এক্স লিমিটেড; আশিকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা, ইগনাইট টেক সলুশোনস; এস এম মসিউর রহমান, পরিচালক, টিকন সিষ্টেম লিমিটেড; ফয়সাল সালাম, চেয়ারম্যান, ফ্রাইডেসফট লিমিটেড; এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইনভিক্টা সল্যুশনস লিঃ। এ ছাড়া সংরক্ষিত পরিচালক পদে (অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন জনাব মো. একরামুল হায়দার, প্রধান নির্বাহী কর্মকর্তা, আলফা নেট।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারী বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন সংগঠনটির গণতান্ত্রিক চর্চা ও সদস্যদের অংশগ্রহণমূলক নেতৃত্ব নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নতুন কার্যনির্বাহী কমিটি দেশের বিপিও, আইটি ও আইটিইএস শিল্পের বিকাশ, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দেশবার্তা/জেএ