নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে কোপ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুখ ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচাগলা মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/আরএইচ