গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববারই নতুন মজুরি বোর্ড গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হওয়ায় এবং বকেয়া পরিশোধের কার্যকর উদ্যোগ নেওয়ায় শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে মন্ত্রী জানান, শুক্রবার শ্রমিক নেতাদের সাথে দীর্ঘ পাঁচ ঘণ্টার সফল আলোচনার পর রোববারে মজুরি বোর্ড গঠনের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিরাও এই দাবি মেনে নিয়েছেন এবং বোর্ডে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে মজুরি সংক্রান্ত কোনো বিরোধ আর অবশিষ্ট নেই।
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ৭ তারিখের মধ্যে বকেয়া পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। কারখানা মালিকদের সাথে সমন্বয় করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দকে পরামর্শ দেওয়া হয়েছে।
শিল্প খাতের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বেতন পরিশোধের কার্যক্রম চলায় কারখানা ভাঙচুর বা কাজ বন্ধ রাখার কোনো যুক্তিকতা নেই। এতে দেশের তৈরি পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বেশ কিছু কারখানায় সাধারণ শ্রমিকরা কাজ করতে চাইলেও বাইর থেকে একটি পক্ষ এসে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। এ সময় মাঠ পর্যায়ে কারা প্রকৃত শ্রমিক আর কারা উসকানিদাতা, তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী সতর্ক করে বলেন, কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। যথাসময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না, যা পরবর্তীতে সময়মতো বেতন পরিশোধেও জটিলতা সৃষ্টি করবে। তাই শিল্পের স্থিতিশীলতা রক্ষা ও জাতীয় স্বার্থে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং বিজিএমইএ’র সহসভাপতি মিজানুর রহমান ও রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে