মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে মেডিকেল পরীক্ষা করাতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
শনিবার মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জনপ্রতি ৮ হাজার টাকা দিতে হবে। এর বেশি অর্থ নেওয়ার সুযোগ নেই। কর্মীদেরও নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। অর্থাৎ, কর্মীরা কোনো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে নির্ধারিত মেডিকেল সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য থাকবেন না।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মেডিকেল রিপোর্ট হস্তান্তর নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তাঁর মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে, কর্মীদের হয়রানি করলে বা কোনো ধরনের তালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ ধরনের অভিযোগ [email protected] ইমেইল ঠিকানায় পাঠানো যাবে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। তাই এ খাতে কোনো অর্থ দাবি করা হলে কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত ফি ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিকেল সেন্টারগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দেশবার্তা/একে