দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এটিই ইতিহাসের সর্বনিম্ন পাসের হার।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানের স্বাক্ষরিত ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে প্রেস ব্রিফিং করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বোর্ডের অধীনে আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। এ বছর বোর্ডের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯২ দশমিক ৪৩ শতাংশ, ২০২২ সালে ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে সব বিভাগের তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
লিঙ্গভিত্তিক ফলাফলে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের ৫০ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার বিভিন্ন কলেজের মধ্যে দিনাজপুর হলি ল্যান্ড কলেজে এবার ৩০৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩৩ জন জিপিএ-৫ পেয়েছে এবং ২৯২ জন শিক্ষার্থী পাস করেছে। কলেজটির পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ।
প্রতিনিধি/আরএইচ