নরসিংদী শহরের চৌয়ালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিল্লাহ হোসেন (৩৮) ও ইয়াসিন মিয়া (৩৫) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শহরের চৌয়ালার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিল্লাহ হোসেন নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল বারেকের ছেলে। ইয়াসিন মিয়া শহরের ঘোষপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে এ ঘটনায় আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, চৌয়ালায় গুলিতে দুজন আহত হয়েছেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ১০ থেকে ১৫টি করে বিভিন্ন মামলা রয়েছে। রাতে তাঁরা প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন বলে জানতে পেরেছেন তিনি। তবে প্রতিপক্ষ কারা এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/আরএইচ