ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে ও পূরবী সিনেমা হলের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) সকাল থেকেই মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন। এতে ওই এলাকার আশপাশে তীব্র যানজট ও যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ শুরু করলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, জলকামান থেকে পানি নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা পুনরায় একত্রিত হয়ে বিভিন্ন দিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন। বেলা পৌনে ১২টা পর্যন্ত এই পাল্টাপাল্টি ধাওয়া চলে।
পরে বেলা সাড়ে ১২টার পর মিরপুর ১১ নম্বর এলাকায় মেট্রো স্টেশনের নিচে ও পূরবী সিনেমা হলের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে আন্দোলনকারীদের ইটপাটকেলের বাধার মুখে পড়েন বলে জানা গেছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে বিভিন্ন স্থান থেকে শ্রমিকেরা এসে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
এর আগে গতকাল শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হয়ে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুর চালান। সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শনিবারের এসব সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।
এদিকে, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। শ্রমিকদের এই আন্দোলনের মধ্যেই পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে আজ ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
দেশবার্তা/একে