‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনজন উদ্যোক্তাকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকার যুবঋণের চেক দেওয়া হয়। এ ছাড়া যুব মেলার উদ্বোধন, বৃক্ষরোপণ এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।
রোববার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এসব আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ এবং জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. সফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিনিধি/আরএইচ