দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ‘আমরা করব জয়’ যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি এবং ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা নজমুল হক নাজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সিন্ধু চরণ বর্মন, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী, ‘আমরা করব জয়’ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়, সহসভাপতি মর্তুজান নাহার মিতু এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর রেজাউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সবুজ সাথী যুব উন্নয়ন ক্লাবের সহযোগিতায় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় যুবকদের মধ্যে ঋণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ