গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সিয়াম (২১) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (১ নভেম্বর) উপজেলার বহেরার চালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিয়াম যশোর জেলার বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁর বাবার নাম আল-আমিন। পরিবারের সঙ্গে তিনি শ্রীপুরের বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ ফ্যাক্টরিসংলগ্ন আলমগীর মাঝির বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সিয়াম দুই বিষয়ে অকৃতকার্য হন। ফলাফল নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে রোববার তাঁর আত্মহত্যার ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
একজন শিক্ষার্থীর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন, তা বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, আত্মহত্যার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/আরএইচ