‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও যুব পতাকা উত্তোলন, বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় ও যুব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য যুব র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মূসা। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের দিনাজপুরের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোস্তফা কামাল।
এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জেএসকেএসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এবং সফল যুব সংগঠক ও সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন। এ ছাড়া সফল আত্মকর্মী মো. রেজানুর ইসলাম এবং প্রশিক্ষণার্থী মো. হাবিবুর রহমান ও সানজিদা স্বর্ণালী হ্যাপি বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য ছয়জনকে মোট ৭ লাখ ৫ হাজার টাকার যুব ঋণের চেক এবং দুজনকে সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক ও দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মো. রায়হান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোছা. আঁখি আরা বেগম ও মোছা. ফারজানা চৌধুরী।
প্রতিনিধি/আরএইচ