বিশ্বজুড়ে উদযাপিত হ্যালোইন উৎসবে মেতে উঠেছে দেশের শোবিজ অঙ্গনও। এর ছোঁয়া লেগেছে জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের মাঝেও। প্রায়ই নজরকাড়া লুকে নিজেকে মেলে ধরা এই চিত্রনায়িকা এবার ধরা দিয়েছেন হ্যালোইন উৎসবের আবহে এক অচেনা ও রহস্যময় লুকে, যা দারুণ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে অপু বিশ্বাসকে সম্পূর্ণ ভিন্ন ও গথিক ধাঁচের এক অবতারে দেখা গেছে। একটি ছবিতে তাঁকে কুচকুচে কালো লেসের স্লিট গাউনে ঝুলন্ত ল্যাম্পের নিচে মোহময়ী ভঙ্গিতে সোফায় শুয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে হাতে একটি প্রাচীন ধাঁচের লণ্ঠন ধরে রহস্যঘেরা দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি।
মূলত তাঁর এই পুরো মেকওভারে গাঢ় লাল লিপস্টিক, ভারী মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল এবং চোখে ব্যবহার করা কনটাক্ট লেন্স তাঁকে এক অচেনা রূপ দান করেছে।
ফ্যাশন স্টেটমেন্ট এবং অনন্য সাজসজ্জা নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অপু বিশ্বাসের এই ভিন্নধর্মী হ্যালোইন লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীরা মন্তব্যঘরে নানা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তিনি সব সময়ই এক ব্যতিক্রমী নাম।
দেশবার্তা/একে