বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এবার খলনায়িকার চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিশেষ করে হলিউডের জনপ্রিয় চরিত্র ‘ম্যালিফিসেন্ট’ এর মতো কোনো চরিত্রে রূপদান করতে চান তিনি।
সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’ সাময়িকীর প্রচ্ছদ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, মাতৃত্ব, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন দীর্ঘ আট বছর পর প্রচ্ছদে ফেরা এই তারকা।
সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, আপাতত সিনেমায় ফেরার কোনো তাড়াহুড়া নেই তার। তবে অভিনয়ে ফিরলে এমন কোনো চরিত্রে কাজ করতে চান, যেখানে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ থাকবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি ম্যালিফিসেন্ট চরিত্রে দারুণ অভিনয় করতে পারব।’
মাতৃত্বের নতুন অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা জানান, ছেলে ভিহানের সঙ্গে সময় কাটানো এখন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। স্বামী অভিনেতা ভিকি কৌশলের প্রশংসা করে তিনি বলেন, বাবা হিসেবে ভিকি অসাধারণ।
দীর্ঘ সময় কাজ করার পরও তিনি পরিবারের সঙ্গে সময় কাটান এবং ক্যাটরিনাকে নিজের মতো থাকার সুযোগ দেন।
সন্তান জন্মের পর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে তার স্পষ্ট বক্তব্য, অন্যদের মতামতের কারণে জীবনের এই সুন্দর সময় থেকে তিনি মনোযোগ সরাতে চান না।
নিজের ফিটনেস নিয়ে সচেতন থাকলেও দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো চাপ নিতে চান না ক্যাটরিনা। শরীরের প্রয়োজন বুঝে নিজের গতিতেই ফিটনেসের লক্ষ্যে পৌঁছাতে চান তিনি।
অভিনয়ের পাশাপাশি নিজের প্রসাধনী ব্র্যান্ড ‘কেডি বিউটি’ নিয়েও ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা। আপাতত পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার মূল অগ্রাধিকার।
দেশবার্তা/একে