আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসির খেলা গ্যালারিতে বসে দেখার অভিজ্ঞতা অর্জন করেছেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেত্রী সামিরা খান মাহি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে গিয়ে স্টেডিয়ামে বসে সরাসরি মেসিকে দেখে অভিভূত ও আপ্লুত এই অভিনেত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিজের এই আনন্দের কথা জানান মাহি। ছবিতে মায়ামির নু স্টেডিয়ামে তাঁর সঙ্গে দুই বান্ধবীকে দেখা যায়, যাদের একজন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।
জানা গেছে, ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান মাহি ও মিথিলা। সফরকালে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর ঘুরে দেখার অংশ হিসেবে গত ১৫ অক্টোবর নু স্টেডিয়ামে যান তারা। সেখানে নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল মেসির দল ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি নিজে গোল না পেলেও তাঁর দল ২-০ ব্যবধানে জয় পায়। স্টেডিয়ামে বসে মেসির সেই ম্যাচ জয়ের মুহূর্তই উপভোগ করেন মাহি।
দেশবার্তা/একে