যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ না থাকলেও আবারও তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার তাঁর রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়ার সিউক্স সিটিতে আয়োজিত এক গণসমাবেশে হাজারো সমর্থকের উপস্থিতিতে এ দাবি তোলেন তিনি।
সমাবেশে ট্রাম্প রসিকতার ছলে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা তিনি জানেন না এবং আইন অনুযায়ী তাঁর পুনরায় নির্বাচনে লড়ার অনুমোদনও নেই।
তবে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করেছিল দাবি করে তিনি বলেন, তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কারণ, আমরা তিনবার জিতেছিলাম। তাই আমার মনে হয়, আবার নির্বাচনে লড়ার অধিকার আমার আছে।
বক্তব্য দেওয়ার সময় তিনি হাসছিলেন এবং উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁকে সমর্থন জানান।
এটিই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন ট্রাম্প। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তৃতীয় মেয়াদে লড়তে তিনি খুবই আগ্রহী। এমনকি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসের এক সমাবেশেও তিনি বলেছিলেন, হয়তো আমাদের আরও একটি মেয়াদ থাকা উচিত।
তবে তাঁর এসব বক্তব্যকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা নিছক রসিকতা হিসেবেই দেখছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইতিপূর্বে জানিয়েছেন, সংবিধান সংশোধন করে ট্রাম্পের পুনরায় নির্বাচনে লড়ার কোনো সুযোগ তিনি দেখছেন না এবং ট্রাম্প মূলত এসব কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের খোঁচা দিয়ে আনন্দ পান।
অন্যদিকে বিরোধীদের একটি অংশের আশঙ্কা, ট্রাম্প বিষয়টি নিয়ে সত্যিই গুরুত্বের সঙ্গে ভাবছেন। ট্রাম্প নিজেও সংবিধানের বাধ্যবাধকতার কথা স্বীকার করে বৃহস্পতিবার বলেন, সংবিধানের সংশ্লিষ্ট বিধানটি অত্যন্ত স্পষ্ট এবং সেখানে ব্যতিক্রমের সুযোগ খুবই কম।
এদিকে নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ব্যালট পেপারে তিনি নিজে প্রার্থী হিসেবে না থাকলেও তাঁকেই ব্যালটে মনে করে ভোট দেওয়ার তাগিদ দেন।
তবে সাম্প্রতিক বেশ কয়েকটি জরিপে ট্রাম্পের জনসমর্থন কমে যাওয়ার তথ্য মিলছে, ফলে তাঁর এই কৌশল কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দেশবার্তা/একে