দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহেই একের পর এক সিনেমার আয়ের রেকর্ড ভাঙছে নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমাটি। পাঁচ দিনে বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৭৫ লাখ রুপি। এ আয়ে কমল হাসানের ‘বিক্রম’ ও বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-কে ছাড়িয়ে গেছে সিনেমাটি।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েলে আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। এতে খলনায়ক হিসেবে যুক্ত হয়েছেন এসজে সূর্য, সুরজ ভেঞ্জারামুডু, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান।
প্রথম সিনেমার মতোই অতিথি চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফকে। নতুন অতিথি চরিত্রে যুক্ত হয়েছেন হৃতিক রোশন ও বিজয় সেতুপতি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম সোমবার ভারতে সিনেমাটি নিট আয় করেছে ৪২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৩১ কোটি ৪০ লাখ, তেলুগু সংস্করণ থেকে ৭ কোটি ১৫ লাখ, হিন্দি সংস্করণ থেকে ৩ কোটি ৩৫ লাখ এবং কন্নড় সংস্করণ থেকে ৪৫ লাখ রুপি।
এ নিয়ে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৪২ কোটি ২৫ লাখ রুপি। দেশটিতে এর মোট গ্রস আয় ২৮৩ কোটি ৭৫ লাখ রুপি।
অন্যদিকে, মুক্তির পঞ্চম দিনে বিদেশের বাজার থেকে আরও ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এতে আন্তর্জাতিক বাজারে এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৯৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৪৭৭ কোটি ৭৫ লাখ রুপি।
বিশ্বব্যাপী আয়ের হিসাবে ‘বিক্রম’-এর ৪২২ কোটি এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর ৪৫৭ কোটি রুপির আয় ছাড়িয়ে গেছে ‘জেলার ২’। এর মধ্য দিয়ে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ছবিটি।
এবার সিনেমাটির লক্ষ্য ‘পোন্নিয়িন সেলভান-১’, ‘কুলি’ ও ‘লিও’-এর আয় ছাড়িয়ে যাওয়া। বিশ্বব্যাপী এই তিন সিনেমার আয় যথাক্রমে ৪৮৮ কোটি, ৫১৮ কোটি ও ৬০৫ কোটি রুপি।
মঙ্গলবার দশেরার ছুটি থাকায় ‘জেলার ২’-এর আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বক্স অফিসে বর্তমান গতি ধরে রাখতে পারলে প্রথম সপ্তাহেই ‘পোন্নিয়িন সেলভান-১’ ও ‘কুলি’-কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি কত দূর এগোবে, তা নির্ভর করছে আগামী দিনগুলোতে আয় ধরে রাখার ওপর।
দেশবার্তা/এমআর