দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। তবে মরণব্যাধি ক্যানসার বদলে দেয় জীবনের সব হিসাব। অসুস্থতার খবর জানার পরই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের বিয়ের পেছনের সেই গল্প শোনান অভিনেত্রী। জানান, দীর্ঘদিনের সম্পর্ক হলেও বিয়ে নিয়ে কখনো আলাদা করে পরিকল্পনা করেননি তারা। কিন্তু ক্যানসার ধরা পড়ার পর জীবনের অনিশ্চয়তা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে।
হিনা জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। জীবনের কঠিন সেই সময়েই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন দুজন।
অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে পুরোনো স্মৃতিতে ফিরে যান হিনা। জানান, সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে বিয়ের কোনো প্রস্তুতি বা আয়োজন ছিল না তাঁদের।
কেন হঠাৎ এমন সিদ্ধান্ত- এর ব্যাখ্যায় হিনা বলেন, শারীরিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন তিনি। হয় তাঁকে ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করতে হবে, পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে; নয়তো তাঁকেই বিয়ে করতে হবে। কারণ, পরদিন কী ঘটবে, সে নিশ্চয়তা তাঁর কাছে ছিল না।
হিনার এ কথায় স্পষ্ট হয়ে ওঠে অসুস্থতার সময় জীবনের অনিশ্চয়তা এবং ভালোবাসার মানুষটিকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা। তাঁর প্রস্তাবে সম্মতি জানান রকিও। এরপর আর দেরি করেননি তাঁরা।
অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সত্যিই কি মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে সম্পন্ন হয়েছিল বিয়ের আয়োজন।
ক্যানসারের মতো কঠিন বাস্তবতার মুখেও ভালোবাসা ও সম্পর্কের প্রতি এমন সিদ্ধান্ত হিনার জীবনের এক আবেগঘন অধ্যায় হয়ে রয়েছে। তাঁর এই গল্প নতুন করে আবেগাপ্লুত করেছে ভক্তদের।
দেশবার্তা/একে