স্পেনে ঐতিহ্যবাহী ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার গ্রহণ করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ স্পেনের ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে মর্যাদাপূর্ণ এই ক্রীড়া পুরস্কার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে জুরিবোর্ড মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করার পাশাপাশি তাঁর সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করে। গত জুনে ক্রীড়াক্ষেত্রে তাঁকে এ অ্যাওয়ার্ডে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, মেসিকে ঘিরে ওভিয়েদোতে যে উল্লাস দেখা গেছে, তা ২০২৩ সালে হলিউড তারকা মেরিল স্ট্রিপের সফরকেও ছাড়িয়ে গেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি বিজয়ীকে উদ্দেশ্য করে বক্তব্য দেন প্রিন্সেস লিওনর। মেসি সম্পর্কে তিনি বলেন, ‘জানি না আর কোনো কিংবদন্তি সবাইকে একই অনুভূতিতে গাঁথতে পেরেছেন কি না। একটি মুহূর্ত, গোলের জন্য সবাই যখন অপেক্ষা করে, তখন সবাইকে এক সূত্রে গাঁথা হয়ে যায়। এ কারণেই মেসির দিকে এবং তাঁর অতুলনীয় ক্যারিয়ারে তাকানোটা অর্থবহ। এটি আমাদের সামনে আর্জেন্টাইন ফুটবলারের এক দারুণ সংজ্ঞা তুলে ধরে।’
স্পোর্তিং গিহনের এক সাবেক খেলোয়াড়ের ভাষায়, ‘তিনি মুহূর্তের দশ ভাগের এক ভাগে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন এবং অহংকারকে ছাপিয়ে দলগত চেতনাকে প্রাধান্য দিয়েছিলেন।’
পুরস্কার অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি লেখেন, ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাওয়াটা দারুণ সম্মানের। সব পুরস্কারজয়ীকে অভিনন্দন, আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে দারুণ সময় কেটেছে।
অনুষ্ঠানস্থলে উপস্থিত স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, খেলাধুলা ও ফুটবলে মেসি যে ঐতিহ্য রেখে যাচ্ছেন, তা ব্যতিক্রমী। একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে তিনি বহু মূল্যবোধের এক অসাধারণ উদাহরণ।
পুরস্কার হিসেবে একটি প্রাতিষ্ঠানিক সনদের পাশাপাশি ৫০ হাজার ইউরো প্রাইজমানি পান মেসি। ১৯৮১ সালে চালু হওয়া এই পুরস্কারটি স্প্যানিশ ভাষার সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত। এর আগে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল এবং ম্যারাথনার এলিয়ুদ কিপচোগের মতো অ্যাথলেটরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
পুরস্কার প্রদানের আগে ঐতিহ্যবাহী রাজকীয় সংবর্ধনায় অন্যান্য বিজয়ীদের সঙ্গে অংশ নেন ৩৯ বছর বয়সী এই তারকা। রাজা ও রানির অনুপস্থিতিতে প্রথমবারের মতো এককভাবে এই রাজকীয় সংবর্ধনা পরিচালনা করেন প্রিন্সেস লিওনর। ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর বার্সেলোনায় কাটানো মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন।
দেশবার্তা/একে