মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছু সাংবাদিক সাকের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অতিরঞ্জিত লেখা প্রকাশ করছেন। এ ধরনের লেখা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এদিকে, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পার হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে সাকেরের গ্রামের বাড়ি পারনান্দুয়ালী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
সড়ক অবরোধের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। বিশেষ করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছেন। এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
প্রতিনিধি/আরএইচ