কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭-এর সি/৫ ব্লকে অভিযান চালায় জাদিমুড়া এপিবিএনের একটি দল।
এপিবিএন সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরে একটি খালি জায়গায় মাটির নিচে ইয়াবা পুঁতে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে প্রায় এক ফুট মাটি খনন করে স্বচ্ছ প্লাস্টিকে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়।
প্যাকেটটি খুলে হলুদ কাগজে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০টি করে মোট ৫০টি জিপারযুক্ত নীল পলিপ্যাকেট ছিল। প্রতিটি পলিপ্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৮০০ গ্রাম। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
অভিযানে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (সশস্ত্র) মো. আব্দুল আজিজের সমন্বয়ে ক্যাম্প-২৬ শালবাগান এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল আবছার, এসআই (নিরস্ত্র) আলম মিয়াসহ ক্যাম্প-২৭-এর রাত্রিকালীন মোবাইল ডিউটিতে থাকা সদস্যরা অংশ নেন।
পরে ২৪ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে এসআই (নিরস্ত্র) মো. আলম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উদ্ধার করা ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করেন।
এ ঘটনায় ২৪ অক্টোবর টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৮৫।
প্রতিনিধি/আরএইচ