পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবায় সম্মিলিত উদ্যোগ জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনকে কেন্দ্র করে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর রিপসা টিম আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি মানতাকা জামান কাপ্পী।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পোলিও একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ রোগে আক্রান্ত হলে স্থায়ী পক্ষাঘাতের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পোলিওর নির্দিষ্ট নিরাময়মূলক চিকিৎসা নেই। তবে যথাযথ টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো শিশু যেন টিকাদানের আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা দূর করাও জরুরি।
তিনি বলেন, বাংলাদেশ পোলিও নির্মূলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে সর্বশেষ বন্য পোলিও ভাইরাসজনিত রোগী শনাক্ত হয়েছিল ২০০৬ সালে। ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলকে পোলিওমুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
তবে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তাই বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখতে নিয়মিত টিকাদান, রোগ শনাক্তকরণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/আরএইচ