মানিকগঞ্জের ঘিওরে বিবিএর ছাত্র রিদয়ন আনসারীকে অপহরণের নয় দিন পার হলেও তাঁর সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
সোমবার (২ নভেম্বর) দুপুরে আয়োজিত এ মানববন্ধনে রিদয়নকে দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানানো হয়। এ সময় তাঁর মা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। বক্তারা বলেন, অবিলম্বে রিদয়নকে উদ্ধার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে সংহতি জানান বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বুরো অব সোশ্যাল ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট নুর ইসলাম সত্তার, এনপিআই ইউনিভার্সিটির ট্রাস্টি ইঞ্জিনিয়ার ড. মো. ফারুক হোসেন, রিদয়নের চাচা আব্দুল হান্নান আনসারীসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত রিদয়নকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
রিদয়ন আনসারী (২৫) ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকার নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ন। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
পরদিন ২৫ অক্টোবর ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে শাহরিয়ারের মুঠোফোনে কল আসে। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে রিদয়নকে অপহরণের কথা জানানো হয়। প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য রিদয়নের সঙ্গে পরিবারের সদস্যদের কথা বলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
পরিবারের দাবি, রিদয়নকে জীবিত ফেরত পাওয়ার আশায় অপহরণকারীদের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে কয়েক দফায় মোট ৪০ হাজার টাকা পাঠানো হয়। তবে টাকা পাওয়ার পরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। পরে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় রিদয়নের খালাতো ভাই ফয়সল মাহমুদ ২৫ অক্টোবর কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁকে উদ্ধারের জন্য র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবরও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে অপহরণের নয় দিন পার হলেও রিদয়নের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
প্রতিনিধি/আরএইচ