১৭ কোটি টাকার কর জালিয়াতি, ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স নির্ধারণে সরকারি নথি জালিয়াতির অভিযোগ উঠেছে। ফিল্ড বুক ও আপিল ফরমে ঘষামাজা

2026-11-10T16:47:34+06:00
2026-11-10T16:47:34+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
১৭ কোটি টাকার কর জালিয়াতি, ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
⏲
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স নির্ধারণে সরকারি নথি জালিয়াতির অভিযোগ উঠেছে। ফিল্ড বুক ও আপিল ফরমে ঘষামাজা করে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন কমিয়ে দেওয়ায় প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় চসিকের ছয় কর্মকর্তা-কর্মচারী এবং দুটি প্রতিষ্ঠানের মালিকসহ আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি।

সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দুটি করেন সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ আলম।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, ইকবাল ট্রেড লিমিটেড ও মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের দুটি হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন বড় অঙ্কে কমিয়ে দেওয়া হয়।

এর মধ্যে ইকবাল ট্রেড লিমিটেডের ১৫১/এ/৫৪ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে নির্ধারণ করা হয়েছিল ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। পরে তা কমিয়ে ৫ কোটি ৮ লাখ ৪ হাজার ৮০০ টাকা করা হয়। এতে বার্ষিক মূল্যায়ন কমানো হয় ২০ কোটি ৫৯ লাখ টাকার বেশি।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, মূল মূল্যায়ন প্রতিবেদন চসিকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলে পাঠানোর পর ফাইল ও আপিল ফরমে ঘষামাজা করে মূল্যায়নের অঙ্ক পরিবর্তন করা হয়। পরে সংশোধিত অঙ্কের ভিত্তিতে কর নির্ধারণ করা হয়। এতে ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে পরবর্তী ১৪ প্রান্তিকে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় সিটি করপোরেশন।

অন্যদিকে, দক্ষিণ মধ্যম হালিশহরের মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের ১৮১/৩০১ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে নির্ধারণ করা হয়েছিল ২৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা। পরে তা কমিয়ে ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা করা হয়।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়েছে, ফিল্ড বুকের ১০ নম্বর পৃষ্ঠায় সাদা ফ্লুইড ব্যবহার করে আগের মূল্যায়নের অঙ্ক মুছে ফেলা হয়। পরে সেখানে কম অঙ্ক বসানো হয়। এভাবে তিন বছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে কম কর আদায় করায় চসিকের প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের হিসাব অনুযায়ী, দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকা। সরকারি নথিতে মূল্যায়নের অঙ্ক পরিবর্তন করে কম কর আদায়ের সুযোগ তৈরির অভিযোগে পৃথক মামলা দুটি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন চসিকের রাজস্ব সার্কেল-৮ এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম, সাবেক উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-৯ এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন, সার্কেল-৮ এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ, সার্কেল-৯-এর হিসাব সহকারী রূপসী রানী দেব এবং মোহাম্মদ আহসান উল্লাহ।

এছাড়া ইকবাল ট্রেড লিমিটেডের মালিকপক্ষের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকেও আসামি করা হয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

বলিউডের একাধিক তারকাকে সতর্ক করলো মুম্বাই পুলিশ
ইন্দোনেশিয়ায় ২০ লাখ সাইবার হামলা, ঝুঁকিতে আরও ৩ দেশ
সরকারি চাকরিতে ৫ লাখেরও বেশি কর্মচারী নিয়োগের পরিকল্পনা
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি প্রটোকল
একরাত্রি

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোরেলগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement